চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায়
দীপু মনি, মায়া চৌধুরীসহ আওয়ামীলীগের ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট
- আপডেট সময় : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৬৬১ বার পড়া হয়েছে
চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ৩৫০ জন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৭৫ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার চার্জশিট দাখিলের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম জানান, গত ১৪ জুন আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। পরবর্তী সময়ে নির্ধারিত তারিখে আদালত চার্জশিট গ্রহণ করেন। বর্তমানে তিনি নোয়াখালী জেলায় বদলি হয়ে কর্মরত রয়েছেন।
তদন্ত কর্মকর্তা বলেন, মামলার এজাহারে ৩৫০ জনের নাম উল্লেখ করা হয়েছিল। এছাড়া অজ্ঞাতনামা আসামি ছিলেন আরও ২৫০ জন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে অনেকের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। আবার কয়েকজনের নাম এজাহারে একাধিকবার উল্লেখ করা হয়েছিল। তদন্তে যাচাই-বাছাই শেষে ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
পুলিশ জানিয়েছে, মামলায় এজাহারভুক্ত আসামিদের নাম ও পরিচয় যাচাই এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের মাধ্যমে চলবে।
২০২৪ সালের ২৭ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা মৃত আব্দুল জলিল পাটওয়ারীর ছেলে মোক্তার আহমেদ পাটওয়ারী।























