টাঙ্গাইলে শিশুকে হত্যাচেষ্টার ঘটনায় আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। একপর্যায়ে পুলিশের সোর্সের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।
যেভাবে গ্রেপ্তার হলেন অভিযুক্ত
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, রোববার বেলা ১২টার দিকে শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড়ের গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে বিপ্লবকে শনাক্ত করা হয়।
এ সময় তিনি হাত কামড়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক রাখা সম্ভব হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে ১২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
এদিকে, ঘটনার পর থেকেই শিশুটির চিকিৎসা এবং অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি নির্যাতনের শিকার শিশুটিকে দেখেন এবং তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন। শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্বও নেন প্রতিমন্ত্রী।
প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে ঘটনায় জড়িত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশকে।
যেভাবে ঘটনার সূত্রপাত
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে।
যেসব ধারায় মামলা
টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মামলাটির নম্বর ৬৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩০৭ ধারায় মামলাটি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















