জয়পুরহাটে পুঁথি পাঠ ও মুর্শিদী গান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাই উপজেলার মোলাম গাড়িহাটে অনুষ্ঠিত হয়েছে বিলুপ্ত প্রায় প্রাচীন পুঁথি পাঠ ও মুর্শিদী গানের আসর। কল্প কথার সেই মায়াবী পুঁথির সাহিত্য রস তুলে ধরলেন প্রবীণ পূঁথি শিল্পীরা। এদিকে, বাংলার সংস্কৃতি থেকে হারানোর পথে সে সব মহামূল্যবান গীতি কবিতা পূনরুজ্জীবিত করতে কাজ করছেন স্থানীয় সামজিক-সাংস্কৃতিক নেতারা।
শতশত বছর আগের কথা, তখন গ্রামীণ বিনোদন বলতে ছিল কেচ্ছা-কাহিনী, গীতি-কবিতা বা পুঁথি পাঠ, পালাগান, যাত্রাপালা, মুর্শিদী গানের আসর। এরমধ্যে গায়েনদের দরদভরা কন্ঠে পুঁথি পাঠের আসর ছিল সে সময়ের অনন্য সাংস্কৃতিক পরিবেশনা।
কল্প কাহিনীর গল্প অবলম্বনে রচিত পুঁথি সাহিত্য। মানুষকে বিনোদনে ছিল না তেমন পারিশ্রমিক। অনুষ্ঠান শুরুর আগে ডাল-ভাত আর আসরে থাকতো বাটা ভরা পান-সুপারী ও চা। ব্যাস তাতেই খুশি ছিলো পুঁথি গায়েনরা।
সে-সময় বিনোদনের সেরা পুথি পাঠের আসর, আজকালের দর্শক-শ্রোতাদের কাছে একবারেই অচেনা, তবে এখনো প্রবীণদের কাছে রয়েছে সেই আগের আমেজ আর স্মৃতি।
জেলার মোলামগাড়ীহাটে পূঁথি পাঠ, মুর্শিদী ও বাউল গানের আসর বসিয়েছেন বাংলা সংস্কৃতি প্রেমী শিল্পীরা। বাংলার মেঠো পথের সংস্কৃতির রক্ষায় সরকারি পৃষ্টপোষকতার দাবি জানান, এই উদ্যোক্তা।
গ্রামীণ জনপদে রাতে হ্যরিকেন কিংবা হ্যাজাক লাইটের আলোয় দরদ ভরা কন্ঠে পুঁথি আসর, মুর্শিদী গান, বর্তমান যুগের স্মৃতি চারণমাত্র।























