জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী মন্তব্যের মামলায় আমির হামজার জামিন
- আপডেট সময় : ০৩:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৭২২ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ৮ সপ্তাহের জন্য জামিন প্রদান করেন। একইসঙ্গে তাকে সিরাজগঞ্জের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আমির হামজার আইনজীবী শিশির মনির বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে মানহানির মামলা তাকেই করতে হয় যার মানহানি হয়েছে। একজনের মানহানির জন্য আরেকজন মামলা করতে পারে না। এটি আইনের ভুল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ওয়াজ মাহফিলে আমির হামজা বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দেন। এমনকি নারী সংসদ সদস্যদের নিয়েও তিনি বিরূপ মন্তব্য করেন, যা দুঃখজনক।


























