জর্জিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য বৈশাখী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বার্কমার হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৪ জুন, রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি আরেফিন বাবুল অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন । সাধারণ সম্পাদক আহমেদ হাসান শান্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
জর্জিয়ায় বসবাসরত বাংলাদেশি শিল্পীরা দেশাত্মবোধক গান, লোকসংগীত এবং আধুনিক বাংলা গানের মনোজ্ঞ পরিবেশনা উপহার দেন। অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তুলতে পরিবেশিত হয় আকর্ষণীয় নৃত্য পরিবেশনা, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
মেলায় রিয়েল এস্টেট, হোম লোন, ফাইন্যান্স, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে।
শিশু, কিশোর, যুবক ও প্রবীণ—সব বয়সী মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দিনব্যাপী এই আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাদের এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























