চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির যৌথ প্রযোজনায় আরেকটি প্রহসনের নির্বাচন
- আপডেট সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির যৌথ প্রযোজনায় আরেকটি প্রহসনের নির্বাচন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে বুধবার সকালে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, চসিক নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশি তাণ্ডব চলেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন আগে মিটিং করে নির্দেশনা দিয়েছেন কীভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে, এজেন্টদের গ্রেফতার করে বিএনপিকে এলাকাশূন্য করে ভোট ডাকাতি করা যায়। তারা তাই করছে। এ নির্বাচন প্রহসন ছাড়া আর কিছুই নয়। বুধবার বিকালে করোনার ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রভুদের খুশি করতে বাংলাদেশে আজ করোনা টিকার ট্রায়াল শুরু হচ্ছে। মানুষের জীবন ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে।

























