গৃহবধূর রক্তাক্ত মরদেহ ফেলে পালাল স্বামীর লোকজন
- আপডেট সময় : ০৫:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জে আফরোজা বেগম (১৮) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ স্বামীর বাড়ির উঠানে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফরোজা ওই গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহের পাশাপাশি তাকে নির্যাতন করা হতো। শনিবার রাতে বাবাকে ফোন করে আফরোজা নির্যাতনের কথা জানিয়ে আশঙ্কা প্রকাশ করেন, তাকে মেরে ফেলা হতে পারে।
রোববার গাজীপুরের কোনাবাড়ীর ভাড়া বাসায় তার মৃত্যু হয়। সোমবার লাশবাহী গাড়িতে মরদেহ কালীগঞ্জে স্বামীর বাড়িতে নেওয়া হলে রক্তাক্ত মরদেহ উঠানে রেখে স্বামী ও পরিবারের সদস্যরা চলে যান বলে স্থানীয়দের অভিযোগ।
নিহতের স্বজনদের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে মরদেহের সঙ্গে থাকা হাসপাতালের কাগজে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক জানান, হাসপাতালের কাগজপত্র যাচাই করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















