গাজীপুর কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বকেয়া বেতন, বার্ষিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও ঈদকে সামনে রেখে পাওনা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পৃথক দুটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা।
সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।শ্রমিকরা জানান, কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। গত রোববার সন্ধ্যা থেকে ডাইং ও নিটিং সেকশনের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সেদিন সন্ধ্যা থেকে কর্মবিরতি আরও বিস্তৃত আকার ধারণ করে।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত বুধবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সকাল থেকে সুইং সেকশনের শ্রমিকরাও কর্মবিরতিতে যোগ দেন। ফলে পুরো কারখানার উৎপাদন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
























