কোরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে দিনাজপুরে জিবির নজরদারি
- আপডেট সময় : ০৩:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
অর্থনীতির রত্ন রক্ষায় সীমান্তে বিজিবির চামড়া-সুরক্ষা বলয় দিনাজপুরের সীমান্ত এখন শুধু কাঁটাতারের বেড়া নয়, দেশীয় অর্থনীতি রক্ষার এক কঠোর নিরাপত্তা বলয়। কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে জেলার ১৫০ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বিরল, বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুরসহ সাতটি সীমান্তবর্তী উপজেলায় বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সাল হাসান খান জানিয়েছেন, সীমান্তের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। তাঁর ভাষায়, কোনোভাবেই দেশের চামড়া অবৈধ পথে সীমান্ত পেরোতে দেওয়া হবে না। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, চামড়া পাচার বন্ধ হলে দেশের বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং চামড়া শিল্পে ফিরবে নতুন গতি। দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালানের কারণে ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীরা বিজিবির এই তৎপরতাকে দেশীয় শিল্প রক্ষার বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। প্রতিবছর দিনাজপুরে প্রায় আড়াই থেকে তিন লাখ পশু কোরবানি হয়। সেই বিপুল পরিমাণ চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ। সীমান্তে বিজিবির কঠোর অবস্থান এখন শুধু পাচার রোধই করছে না, বরং একটি স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক বাজার তৈরির আশাও জাগাচ্ছে। দেশের ভৌগোলিক নিরাপত্তার পাশাপাশি অর্থনীতির সুরক্ষাতেও আজ সীমান্তে নিরবচ্ছিন্ন প্রহরায় বিজিবি।

























