কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা বললেন ‘বেঁচে আছি’
- আপডেট সময় : ০৪:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গুজবের শিকার হলেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
মিনার–ই–দিল্লি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোমবার সন্ধ্যায় হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে। এতে দেশ-বিদেশে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়।
তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন স্বয়ং শিল্পী।
প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এক ফেসবুক স্ট্যাটাসে রুনা লায়লা লিখেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি! আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নেবেন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা।’
এছাড়াও তিনি জানান, হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে একের পর এক ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত ও বিরক্ত হয়েছেন।
তিনি বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে।
সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান—সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’
এ ধরনের গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে রুনা লায়লা বলেন, এতে শুধু তিনি নন, তার পরিবারও মানসিকভাবে কষ্ট পান।
অতীতেও অনেক তারকার বিরুদ্ধে এ ধরনের ভুয়া খবর ছড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি বলেন- এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে এবং এসবের সঙ্গে জড়িতদের শনাক্ত করা জরুরি।

























