কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন
- আপডেট সময় : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শেষ হয়েছে। ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা অংশ নেন।
ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) আয়োজিত সম্মেলনে সার্বিক সহযোগিতা করে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)।
সম্মেলনে বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আট সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দৈনিক আজকালের বিশেষ সংবাদদাতা মো. জিয়াউর রহমান। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষকরা সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, গণমাধ্যমে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং মাতৃভাষায় সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার প্রসারে গুরুত্বারোপ করেন।

























