এক দশক পর গতি পেলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা
- আপডেট সময় : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
অবশেষে দীর্ঘ এক দশক পর গতি পেলো দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক জালিয়াতি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা। শতভাগ তদন্ত শেষ করে দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে ১০ হাজার পৃষ্ঠার খসড়া চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। আইনি পরামর্শের জন্য এটি এখন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সিআইডি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ পর্যালোচনা কমিটির তত্ত্বাবধানে এই তদন্ত চূড়ান্ত রূপ পায়। এফবিআই-এর সহযোগিতায় উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ ‘ল্যাজারাস’-কে এই চুরির প্রধান চক্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। খসড়া চার্জশিটে ফিলিপাইনের ৩৬, উত্তর কোরিয়ার ২, চীনের ৩, শ্রীলঙ্কার ৮, জাপানের ১, ভারতের ৪ এবং বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট বার্তার মাধ্যমে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। তদন্তের শুরুতে ক্রাইম সিনে অননুমোদিত মানুষের প্রবেশসহ নানা প্রতিবন্ধকতা থাকলেও, দীর্ঘ ১০ বছর পর ডিজিটাল ফরেনসিক প্রমাণের ওপর ভিত্তি করে নিখুঁত চার্জশিট তৈরির দাবি করছে সিআইডি। এখন অ্যাটর্নি জেনারেলের সবুজ সংকেত পেলেই এটি আদালতে জমা দেওয়া হবে।



























