একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
প্রকল্পের অর্থায়ন
অনুমোদিত ১৩টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ থেকে ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে।
একনেক অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দুই প্রকল্প
স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো ‘Integrated Health System Response to Fight Against TB, HIV/AIDS and Malaria in Bangladesh’ এবং ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, পটুয়াখালী (১ম সংশোধিত)’।
অর্থ মন্ত্রণালয়ের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)’ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
নদী ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনা
পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্পও রয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের আওতায় তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সড়ক, বিমানবন্দর ও বিদ্যুৎ খাতে প্রকল্প
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের তৃতীয় সংশোধন অনুমোদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র্যাব (এসআরবি)-এর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রকল্পটিও অনুমোদিত হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ।
৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫ প্রকল্প
একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প সম্পর্কেও সভাকে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন, ১০ জেলায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ এবং ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প।
এ ছাড়া ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণ, কুশিয়ারা নদীর তীর প্রতিরক্ষা, ভূয়াপুর-তারাকান্দি জেলা মহাসড়ক উন্নয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও নিরাপদ স্যানিটেশনসহ বিভিন্ন প্রকল্প রয়েছে।


























