ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের নিন্দায় চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশ
- আপডেট সময় : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬০১ বার পড়া হয়েছে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটির ১০ সদস্য দেশ। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে তারা।
‘বিশকেক ঘোষণা’ নামে প্রকাশিত যৌথ বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সদস্য দেশগুলোর নেতারা স্বাক্ষর করেন।
ইরানে সামরিক হামলার তীব্র নিন্দা
যৌথ ঘোষণায় এসসিও নেতারা ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কঠোর নিন্দা জানান। তাদের মতে, এসব হামলায় ব্যাপক বেসামরিক হতাহতের পাশাপাশি ইরানের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেতারা বলেন, ইরানের ওপর চালানো সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘন করেছে। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।
খামেনির মৃত্যুতে শোক
বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়। এসসিও সদস্য দেশগুলো ইরানের জনগণ, সরকার এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
এ সময় ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে সদস্য দেশগুলো। সংঘাতের সমাধানে সামরিক পন্থার পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধানের আহ্বান
যৌথ ঘোষণায় পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার জন্য ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকেও দায়ী করা হয়। এসসিও নেতাদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন সংকটের একটি ন্যায্য সমাধান জরুরি।
একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশ এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও যৌথ ঘোষণায় একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে এসসিও।
নেতারা বলেন, জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের পরিপন্থী যেকোনো একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা তারা প্রত্যাখ্যান করেন। এ ধরনের নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
এসসিওর ১০ সদস্য দেশ
বর্তমানে এসসিওর সদস্য দেশ হলো—চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুশ, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।


























