ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৯:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বাণিজ্যিক জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগ তোলার মাত্র এক দিন পরই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বার্তায় এই হামলার কড়া জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, মার্কিন অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান।
সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্টেশন এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোকে লক্ষ্য করে এই হামলা চালায়। হরমুজ প্রণালির সিরিক বন্দরের কাছে হওয়া এই হামলার আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরের বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’তে হওয়া হামলাকে ১৭ জুনের সমঝোতা স্মারকের বোকামিপূর্ণ লঙ্ঘন বলে সতর্ক করেছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে পাল্টা হামলার দাবি করলেও ঠিক কোন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি।
























