আখাউড়া স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ
- আপডেট সময় : ০৪:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) দেশটির ব্যবসায়ীরা পণ্য গ্রহণ না করায় কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া রোববার ভারতে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় ওই দিনও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূইয়া জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা ভারতীয় ব্যবসায়ীরা আগেই জানিয়েছিলেন। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার অতিরিক্ত পণ্য পাঠানো হয়েছে।
তিনি জানান, রোববার ভারতে সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর। তবে ভারত কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় সম্প্রতি বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়েছে। দ্রুত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।




















