৫৩ লাল কার্ডে আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল!
- আপডেট সময় : ১২:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ব্রাজিলের ফুটবলে নজিরবিহীন ঘটনা ঘটেছে। অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি ম্যাচে রেকর্ড ৫৩টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। মাঠে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্য দিয়ে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর আগের আর্জেন্টাইন রেকর্ডও ভেঙে গেছে।
গত রোববার (১ নভেম্বর) ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যে রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে এ ঘটনা ঘটে।
যেভাবে শুরু হয় সংঘর্ষ
ম্যাচের রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রসগিচ মোদেস্তোর প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয়ার্ধের শুরুতেই উত্তেজনার সূত্রপাত। উবেরলান্দিয়ার এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দলটির কয়েকজন কর্মকর্তা মাঠে প্রবেশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে খেলা। পরে আবার ম্যাচ শুরু হয়। ইনজুরি সময়ের নবম মিনিটে গোল করে মামোরে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
গোল উদ্যাপন ঘিরে মারামারি
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গোল উদ্যাপনের সময় মামোরের খেলোয়াড় দাভি প্রতিপক্ষ উবেরলান্দিয়ার খেলোয়াড়দের উদ্দেশে কটূক্তি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
মাঠের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে একের পর এক লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।
সব মিলিয়ে ৪৩ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের আট সদস্যকে লাল কার্ড দেখানো হয়। পাশাপাশি উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। এভাবে মোট লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩টিতে।
নিরাপত্তার অভাবে ম্যাচ শেষ ঘোষণা
রেফারি দ্রসগিচ মোদেস্তো তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে লাল কার্ড দেখানো এবং ম্যাচ শেষ করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করাও সম্ভব হয়নি।
তিনি জানান, মাঠের বিশৃঙ্খল পরিস্থিতি এবং নিরাপত্তার অভাবের কারণে ম্যাচটি শেষ ঘোষণা করতে বাধ্য হন।
এ ছাড়া রেফারিকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ম্যাচ শেষে মামোরের খেলোয়াড়েরা ড্রেসিংরুমেরও ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগ রয়েছে।
ওয়াকওভার দিয়ে ফাইনালে মামোরে
এদিকে বুধবার (৪ নভেম্বর) উবেরলান্দিয়া ক্লাব জানায়, তারা সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে অংশ নেবে না। ফেয়ার প্লের স্বার্থে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
উবেরলান্দিয়ার দাবি, মামোরের হাতে মাঠে একটি দল নামানোর মতো পর্যাপ্ত যোগ্য খেলোয়াড় ছিল না। ফলে দ্বিতীয় লেগে না খেলার সিদ্ধান্ত নেয় তারা। এর মাধ্যমে ওয়াকওভার পেয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে মামোরে।
ভেঙে গেল আর্জেন্টিনার ১৫ বছরের রেকর্ড
এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল ৩৬টি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দল আতলেতিকো ক্লায়েপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছিল।
সেই ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল। দীর্ঘ ১৫ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার ভেঙে গেল ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবলে।
এক ম্যাচে ৫৩টি লাল কার্ডের এই ঘটনা ফুটবল ইতিহাসে বিরলতম শৃঙ্খলাভঙ্গের উদাহরণ হয়ে থাকল।




















