স্বপ্ন থেকে যতটুকু খুশি ততটুকু গরুর মাংস কিনতে পারবেন ক্রেতারা!
- আপডেট সময় : ০১:১৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৯২০ বার পড়া হয়েছে
অনেক নিম্নবিত্ত মানুষ চড়া দামের কারণে এখন এক কেজি গরুর মাংস কিনতে পারছেন না। তাই ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম পরিমাণ গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘গ্রাহকদের কথা সব সময় চিন্তা করে স্বপ্ন। তাই এমন পরিস্থিতিতে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম পরিমাণ গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ‘স্বপ্ন’।
যেসব আউটলেটে স্বপ্ন’র গরুর মাংস বিক্রি হয় সেসব আউটলেটে এখন থেকে সর্বনিম্ন ২৫০ গ্রাম বা তারও কম পরিমাণ (২৫০, ২০০, ১০০ গ্রাম, ৫০ গ্রাম) গরুর মাংস যেকোনো ক্রেতা কিনতে পারবেন। নিম্নআয়ের মানুষের গরুর মাংস কিনতে এসে এখন আর ফিরে যেতে হবে না।’
উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারতে টুকরা হিসেবে মাছ-মাংস বিক্রি হয় অনেক আগে থেকেই। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলেও একইভাবে বিক্রি হয়। তবে এখানো বাংলাদেশের অনেক জায়গায় এর প্রচার নেই। অনেকে বলতেও লজ্জা পান। বিশেষ করে নিম্নআয়ের মানুষরা সরাসরি বলতে পারেন না। তাই ক্রেতাদের সুবিধার্থে এমন ব্যবস্থা করল দেশের অন্যতম সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’।



























