সিলেটে সড়কে রিকশা চলাচল বন্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ
- আপডেট সময় : ০২:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
সিলেটের বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধ করায় বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবকে দায়ি করছে সাধারণ মানুষ। কর্তৃপক্ষ বলছে, এই এলাকায় রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সরকারি–বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ অনেকগুলো বিপণিবিতান। একটি আদর্শ এলাকায় রূপান্তরের পরিকল্পনায় যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
গত দুই বছরে সিলেট নগরীতে হকার উচ্ছেদ, সোনারপাড়া মসজিদের পুকুর ভরাট এবং তারবিহীন করার কথা বলে প্রধান সড়কগুলো বারবার খোড়াখুড়ি করা হয়েছে। পরে আবার সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে। এক জানুয়ারি থেকে সিটি কর্পোরেশনের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা রাস্তায় রিক্সা চলাচল বন্ধ করা হয়েছে।
স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সিলেটের বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিপনণ কেন্দ্র রয়েছে এই সড়কে। এখানে রিক্সা বন্ধের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। এর আশেপাশের হাসপাতালগুলোর রোগী, তাদের স্বজন ও আবাসিক এলাকার বাসিন্দারা পড়েছেন বিপাকে।ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।
রিক্সার বিকল্প ব্যবস্থা করলে পদক্ষেপ কার্যকর হতে পারে বলে মনে করে কেউ কেউ।সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনে গণস্বাক্ষরও জমা দিয়েছে তারা। সিটি মেয়র জানান, আধুনিক ও মডেল নগরী হিসেবে সিলেটকে গড়ে তোলার ধারাবাহিক কার্যক্রমের অংশ এটি। অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করে নগরবিদের পরামর্শ অনুযায়ী আধুনিকায়ন করার দাবি জানিয়েছে নগরবাসী।



























