সাদুল্লাপুরে অবৈধ সার মজুত, সাবেক চেয়ারম্যানকে জরিমানা
- আপডেট সময় : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে সার মজুতের দায়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তাঁর গোডাউন থেকে বিভিন্ন ধরনের ৭২ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন জানান, উত্তর মন্দুয়ার এলাকায় অবৈধভাবে সার মজুতের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত সার মজুতের দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁর গোডাউন থেকে ৭২ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
জব্দ করা সারের মধ্যে রয়েছে ১৩ বস্তা ইউরিয়া, ২৮ বস্তা জিপসাম, ১৬ বস্তা ডিএপি, ১৩ বস্তা টিএসপি ও ২ বস্তা পটাশ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য বলেন, চলতি আমন মৌসুমে কৃষকদের চাহিদাকে কাজে লাগিয়ে কেউ যাতে অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কৃষি বিভাগ সতর্ক রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন বলেন, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।





















