শীতাতপ নিয়ন্ত্রণ বন্ধ থাকায় আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় অক্সিজেনের মাত্রা কমে গিয়ে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্তের প্রাথমিক ফলাফল তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই প্রতিবেদনে নবজাতকদের প্রাথমিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের কক্ষে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার পরও সময়মতো ও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। মন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করে আগামী রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।






















