শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের: প্রসিকিউশন
- আপডেট সময় : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
২০২৪ সালের ১৩ জুলাই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাবি করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থাপিত একটি কল রেকর্ডের উদ্ধৃতি দিয়ে প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদের ফোনে বলেন, ‘এদের মারো না কেন? বড় হতে দাও কেন?’ জবাবে সাদ্দাম হোসেন বলেন, পুলিশ তাদের মুখোমুখি হতে নিষেধ করেছে। এরপরও শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয় বলে প্রসিকিউশনের দাবি।
ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর মামলায় যুক্তিতর্ক চলছে। অন্য আসামিরা হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, তারা সবাই বর্তমানে পলাতক।
চলতি বছরের ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। গত ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
























