রাশিয়া থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া সাইটের মাধ্যমে অর্থ সংগ্রহ ও বিদেশে পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারদের একজন রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তাররা হলেন নড়াইলের সৈয়দ জামান (২৭) ও যশোরের চৌগাছার রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)। বুধবার (১৯ আগস্ট) রাজশাহী ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
সিআইডি জানায়, বুধবার দুপুরে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে সৈয়দ জামানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন এলাকা থেকে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল আর্থিক সেবা ও ব্যাংক হিসাব অনলাইন জুয়া সাইটে যুক্ত করত। এসব হিসাবের মাধ্যমে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে অর্থ গ্রহণ ও উত্তোলনের ব্যবস্থা করা হতো। পরে কমিশন রেখে ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ বিদেশে পাচারের চেষ্টা করা হতো বলে সিআইডির দাবি।
সিআইডির ভাষ্য, গ্রেপ্তার দুজন নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম সক্রিয় করার পাশাপাশি অন্য এজেন্টদের সিম সংগ্রহ করে জুয়া সাইটে যুক্ত করতেন। তারা সাইটের অর্থ জমা ও উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণের সঙ্গেও জড়িত ছিলেন।
এ ঘটনায় গত ১৭ মে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে সিআইডি। একই মামলায় এর আগে বিভিন্ন সময়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলাটি বর্তমানে সিআইডির সাইবার পার্সোনেল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট শাখা তদন্ত করছে। গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সিআইডি। পাশাপাশি এ ধরনের কার্যক্রমে অর্থ লেনদেন না করার এবং অনলাইন জুয়া সম্পর্কে তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।























