যুদ্ধবিরতিতে অস্ত্র তুলছে ইরান, আবারও হামলার পথে যুক্তরাষ্ট্র!
- আপডেট সময় : ০৫:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৮৪৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে ব্যবহার করে মাটির নিচে লুকিয়ে রাখা ও চাপা পড়া অস্ত্র উপরে তুলে আনছে ইরান। শুক্রবার (১ মে) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যে-সব মিসাইল চাপা পড়েছিল, সেগুলো খুবই দ্রুততার সঙ্গে তোলা হচ্ছে। এছাড়া যেগুলো লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো উপরে নিয়ে আসা হচ্ছে।
দুজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতাকে বৃদ্ধি করতে চায়। তাদের ধারণা, যদি ট্রাম্প প্রশাসন পুনরায় সামরিক অভিযানের পথে হাঁটে, তবে মধ্যপ্রাচ্যজুড়ে শক্তিশালী পালটা হামলা চালানোর লক্ষ্যেই এই পুনর্গঠন প্রক্রিয়া চালানো হচ্ছে।
এদিকে ইরানের এই কার্যক্রম নিয়ে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত ১৬ এপ্রিল বলেছিলেন, “আপনারা যা করছেন আমরা সবই জানি। ধ্বংসস্তূপ থেকে আপনারা অবশিষ্ট ক্ষেপণাস্ত্র আর লঞ্চারগুলো খুঁড়ে বের করছেন, কিন্তু এগুলো প্রতিস্থাপনের কোনো ক্ষমতা আপনাদের নেই। আপনারা যখন গর্ত খুঁড়ছেন, আমরা তখন আরও শক্তিশালী হচ্ছি।
শনিবার (২ মে) সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার হোয়াইট হাউজে কথা বলার সময় এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কি ইরানের ওপর নতুন কোনো হামলার কথা ভাবছেন? জবাবে তিনি পালটা প্রশ্ন করেন, ‘কেন আমি আপনাকে তা বলতে যাব?’ এই এক কথাতেই আলোচনার ইতি টেনে দেন তিনি।
এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি আবার ইরানে হামলা চালাবে?

























