মাছ শিকার শুরু, প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই হ্রদে
- আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ শিকার। দীর্ঘ বিরতির পর মাছ শিকার শুরু হওয়ায় হ্রদের ওপর নির্ভরশীল প্রায় ২৫ হাজার জেলে, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাণচাঞ্চল্য ফিরেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে।
মাছ শিকার শুরুকে ঘিরে রাঙামাটি ফিশারি মৎস্য অবতরণ ঘাটসহ বিভিন্ন জেলেপল্লিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলেরা নৌকা ও মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত করছেন। একই সঙ্গে মৎস্য ব্যবসায়ীরাও মাছ সংগ্রহ ও পরিবহনের প্রস্তুতি নিচ্ছেন।

হ্রদে মাছের প্রজনন ও পোনা মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে গত ১ মে থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, আহরণ ও পরিবহনের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। প্রথমে ১ আগস্ট থেকে মাছ শিকার শুরুর কথা থাকলেও পোনা মাছের বৃদ্ধির স্বার্থে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়।
রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম জানান, সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে উৎসবমুখর পরিবেশে মাছ শিকার শুরু হবে। মাছ শিকার ও ঘাটে মাছ অবতরণের জন্য সরকারি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, ‘এবারের মৌসুমে গতবারের তুলনায় বেশি মাছ অবতরণ হবে বলে আশা করছি। গত বছর ফিশারি ঘাটে ১৮ হাজার মেট্রিক টন মাছ অবতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ১০ হাজার মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে।’

দীর্ঘ নিষেধাজ্ঞার পর মাছ শিকার শুরু হওয়ায় জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। এতে কাপ্তাই হ্রদকেন্দ্রিক মৎস্য ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




















