ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়, মনে করেন রোনালদো
- আপডেট সময় : ০২:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
২০৩০ বিশ্বকাপের আগে ব্রাজিলের দলীয় ঐক্য ও ফুটবলীয় স্বকীয়তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার মতে, বর্তমান দল বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী নয়।
একসময় ব্রাজিল মানেই ছিল দৃষ্টিনন্দন ফুটবল, দুর্দান্ত ড্রিবলিং আর অসাধারণ সব গোল। পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও ও রোনালদিনহোদের হাত ধরে বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি পেয়েছিল সেলেসাওরা। কিন্তু সময়ের সঙ্গে সেই চেনা ফুটবলশৈলী হারিয়ে যাচ্ছে বলে মনে করেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদো নাজারিও।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বর্তমান দল নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন সাবেক এই স্ট্রাইকার। তার মতে, ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে নিজেদের সহজাত প্রতিভা ও স্বকীয়তা থেকে দূরে সরে যাচ্ছে ব্রাজিল।
রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং ভালো ফুটবল খেলছে।’
শুধু খেলার ধরন নয়, ব্রাজিল দলের ঐক্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ব্যক্তিগত প্রতিভার অভাব নেই ব্রাজিল দলে। তবে সেই প্রতিভাকে দলীয় শক্তিতে রূপ দেওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
এ প্রসঙ্গে রোনালদোর মন্তব্য, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’
একসময় নিজেদের সহজাত দক্ষতা, গতি ও সৃজনশীলতা দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করত ব্রাজিল। ১৯৫৮ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয়ের পেছনে এই ফুটবলীয় স্বকীয়তা বড় ভূমিকা রেখেছিল। কিন্তু এখন ইউরোপীয় দলগুলোর শারীরিক সক্ষমতা ও কৌশলগত শৃঙ্খলার সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজেদের পরিচয় হারাচ্ছে বলে মনে করেন রোনালদো।
২০৩০ বিশ্বকাপ সামনে রেখে তাই ব্রাজিলের চ্যালেঞ্জ শুধু শক্তিশালী দল গঠন নয়। একই সঙ্গে ফিরিয়ে আনতে হবে দলীয় ঐক্য, সৃজনশীলতা ও নান্দনিক ফুটবল। কারণ ব্রাজিলের ফুটবল ঐতিহ্য শুধু বিশ্বকাপের শিরোপায় সীমাবদ্ধ নয়, বরং এর সৌন্দর্য ও শৈল্পিক উপস্থাপনাই বিশ্বজুড়ে সমর্থকদের মুগ্ধ করেছে।




















