বিশ্বের সামনে রাফাল উড়িয়ে শক্তির প্রদর্শন ইন্দোনেশিয়ার
- আপডেট সময় : ০৪:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দক্ষিণ চীন সাগরজুড়ে উত্তেজনা, ইন্দো-প্যাসিফিকে শক্তির নতুন হিসাব—এমন এক অনিশ্চিত ভূ-রাজনৈতিক বাস্তবতায় আকাশে নিজের শক্তির বার্তা ছড়িয়ে দিল ইন্দোনেশিয়া। সোমবার, রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর হাতে তুলে দিলেন ছয়টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। আর সেই মুহূর্তেই স্পষ্ট হলো—শুধু কূটনীতি নয়, ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সক্ষমতাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জাকার্তা।
অনিশ্চিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ইন্দোনেশিয়া তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে, সোমবার ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে ছয়টি রাফাল যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম হস্তান্তর করার সময় রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো একথা বলেন।
ইন্দোনেশিয়া চলতি বছরের জানুয়ারিতে তিনটি রাফাল যুদ্ধবিমান পেয়েছিল এবং সোমবার হালিম পেরদানাকুসুমা বিমান ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে আরও তিনটি গ্রহণ করে। নতুন কিছু পাওয়ার পর আশীর্বাদ ও সৌভাগ্যের ইন্দোনেশীয় প্রতীক হিসেবে প্রাবোও একটি রাফাল যুদ্ধবিমানের নোজ কোনে ফুল মেশানো জল ছিটিয়ে দেন।
এক ভাষণে প্রাবোও বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রেখে প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্যই এই আধুনিকীকরণ করা হয়েছে।
সাবেক এই বিশেষ বাহিনী কমান্ডার আরও চারটি ডা-সল্ট ফ্যালকন ৮এক্স বিমান, একটি এয়ার-বাস এ৪০০এম এম-আর-টিটি, জি-এম৪০৩ জিসি-আই রাডার সিস্টেম, মেটিওর বিভি-আর ক্ষেপণাস্ত্র এবং এ-এ-এস-এম হ্যামার স্মার্ট অস্ত্র হস্তান্তর করেন।
কূটনীতির টেবিলের পাশাপাশি যুদ্ধ প্রস্তুতির বার্তাও এখন সমান জোরে উচ্চারণ করছে জাকার্তা। রাফালের গর্জনে তাই শুধু ইঞ্জিনের শব্দই শোনা গেল না, শোনা গেল শক্তি, সতর্কতা এবং ভবিষ্যতের অনিশ্চিত বিশ্বের জন্য, এক রাষ্ট্রের প্রস্তুতির ঘোষণা।
























