বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা
- আপডেট সময় : ০৩:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হবে মঙ্গলবার (২৫ আগস্ট)।
মঙ্গলবার বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমের পূর্ব সাহানে অনুষ্ঠানের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবারের আয়োজন সাজানো হয়েছে। এতে শান্তি, সাম্য, ন্যায় ও সম্প্রীতির শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
১৫ দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে ওয়াজ মাহফিল, কিরাত ও হামদ-নাত মাহফিল, সেমিনার, রাসুলুল্লাহ (সা.)-এর শানে রচিত কবিতা পাঠ, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ এবং ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনী।
এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে।
আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের প্রখ্যাত আলেম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন। এসব আয়োজনে মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে।



























