বলিউড ছাড়ার কথা ভাবছেন তাপসী পান্নু, কেন এমন সিদ্ধান্ত?
- আপডেট সময় : ১১:৫৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু নারীপ্রধান ও বাস্তবধর্মী গল্পের সিনেমায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। ‘পিঙ্ক’, ‘মূল্ক’, ‘থাপ্পড়’সহ একাধিক সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে হিন্দি সিনেমার গল্প ও নির্মাণের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাপসী। এমনকি বলিউডের বর্তমান ধারা পছন্দ না হলে অভিনয় থেকে অবসর নেওয়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
বলিউডের সহিংসতা নিয়ে অসন্তোষ
বর্তমানে নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণায় ব্যস্ত তাপসী। এরই মধ্যে এক সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলেন তিনি।
তাপসী জানান, সাম্প্রতিক সিনেমাগুলোতে অতিরিক্ত সহিংসতার প্রবণতা দেখে তিনি মাঝে মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবেন।
অভিনেত্রীর ভাষায়, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাগুলোর চিত্র দেখে পরিবারের সঙ্গে আড্ডায় একসময় বলেই ফেলেছিলাম, আমার কি তবে অবসর নেওয়ার সময় হয়ে এলো? কারণ এখন যেভাবে নির্দিষ্ট ধারার অতিরঞ্জিত সহিংস ছবি তৈরি হচ্ছে, তারচেয়ে বরং অভিনয় ছাড়াই ভালো।’
তিনি আরও বলেন, এ ধরনের সিনেমার বড় দর্শকশ্রেণি থাকতে পারে। তবে শুধু দর্শকের চাহিদার কথা ভেবে নিজের পছন্দ ও নীতির সঙ্গে আপস করতে চান না তিনি।
নিজের সিনেমার মান ধরে রাখতে চান
তাপসী মনে করেন, সময়ের সঙ্গে সিনেমার ধারা বদলাতে পারে। তবে একজন শিল্পীর ফিল্মোগ্রাফি থেকে যায়। তাই ভবিষ্যতে নিজের অভিনীত সিনেমাগুলো নিয়ে যেন তাকে বা তার পরিবারকে বিব্রত হতে না হয়, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা বা ঘরানা হয়তো বদলে যাবে, কিন্তু একজন শিল্পীর কাজের তালিকা একই থেকে যাবে। আজ থেকে ১০ বছর পর যখন কেউ আমার অভিনীত চলচ্চিত্রগুলো ফিরে দেখবে, তখন যেন আমি কিংবা আমার আপনজনদের লজ্জায় পড়তে না হয়।’
তাপসীর মতে, সময়ের হাওয়ায় ভেসে যাওয়ার চেয়ে নিজের সিনেমার মান ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ।
মুক্তি পাচ্ছে ‘গান্ধারী’
তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’ নির্মাণ করেছেন দেবাশীষ মাখিজা। কানিকা ধিলনের লেখা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্পের পটভূমি জয়পুর।
থ্রিলারধর্মী এই সিনেমায় একজন অন্ধ মায়ের অদৃশ্য সত্যের সন্ধান ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করেছেন ইশওয়াক সিং, জতিন শর্মা, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও ছায়া কদম। ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘গান্ধারী’।



























