প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে আ’লীগ: জামায়াত আমির
- আপডেট সময় : ০১:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যার সূচনা করেছিল আওয়ামী লীগ—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য। জনগণের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতা পরিচালনা করতে পারে না। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব না দিলে গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান জাতীয় সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি সংসদকে অকার্যকর করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ চলছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চান না বলেই তাঁরা সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সোচ্চার থাকবেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, একসময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছিল। একইভাবে গণভোটের রায়ও তাদের মেনে নিতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারবে না।
এ সময় বিএনপির জাপান সফর নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। জাপানে গিয়ে মাতারবাড়ী প্রকল্প নিয়ে কী করা হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান তিনি।























