পারমাণবিক হামলা থেকে বাঁচতে করণীয় শেখাচ্ছে ইরান
- আপডেট সময় : ১২:০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যে সম্ভাব্য পারমাণবিক হামলা থেকে নাগরিকদের জীবন রক্ষায় বিশেষ সচেতনতামূলক নির্দেশিকা প্রকাশ করেছে ইরান। এতে পারমাণবিক বিস্ফোরণের আগে, সময় এবং পরবর্তী পরিস্থিতিতে কীভাবে নিরাপদ থাকতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত প্রায় আট মিনিটের একটি ভিডিওতে এসব নির্দেশনা তুলে ধরা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রথম ভিডিওটি প্রকাশ করে।
ইসফাহান প্রদেশের জরুরি সেবা বিভাগের উদ্যোগে তৈরি নির্দেশিকায় পারমাণবিক বিস্ফোরণের পাঁচটি প্রধান বিপদের বিষয়ে সতর্ক করা হয়েছে। এগুলো হলো তীব্র আলোর ঝলকানি, বিস্ফোরণের তরঙ্গ, প্রচণ্ড তাপ, তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়া এবং এর পরবর্তী ক্ষতিকর প্রভাব।
পারমাণবিক বিস্ফোরণের সময় যা করতে হবে
নির্দেশিকায় বলা হয়েছে, পারমাণবিক বিস্ফোরণের তীব্র আলোর দিকে সরাসরি তাকানো যাবে না। কেউ খোলা জায়গায় থাকলে দ্রুত কোনো শক্ত স্থাপনার আড়ালে আশ্রয় নিতে হবে।
আশ্রয় নেওয়ার সুযোগ না থাকলে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে। এ সময় মাথা ও মুখ ঢেকে রাখতে হবে। প্রাথমিক বিস্ফোরণের তরঙ্গ বা শকওয়েভ কেটে যাওয়ার পর দ্রুত নিকটবর্তী মজবুত ভবনে প্রবেশ করতে হবে।
ভবনের ভেতরে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে বেসমেন্টকে সবচেয়ে উপযোগী জায়গাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। বেসমেন্ট না থাকলে জানালা থেকে দূরে ভবনের মাঝামাঝি কোনো কক্ষে অবস্থান করতে বলা হয়েছে।
এ ছাড়া দরজা-জানালা বন্ধ রাখতে হবে। বাইরে থেকে বাতাস টেনে নেয় এমন শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ও বায়ু চলাচলের যন্ত্র বন্ধ রাখতে হবে। গাড়ির ভেতরে আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তেজস্ক্রিয় ধূলিকণা থেকে যেভাবে সুরক্ষিত থাকবেন
পারমাণবিক বিস্ফোরণের পর বাতাসে তেজস্ক্রিয় ধূলিকণা ছড়িয়ে পড়তে পারে। এসব কণা শরীরে লাগলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
এ কারণে বাইরে অবস্থান করার পর নিরাপদ আশ্রয়ে প্রবেশ করলে বাইরের পোশাক সাবধানে খুলে ফেলতে হবে। পোশাকগুলো একটি ব্যাগে ভরে ভালোভাবে সিল করে রাখতে হবে।
এরপর সাবান ও কুসুম গরম পানি দিয়ে শরীরের উন্মুক্ত অংশ পরিষ্কার করতে হবে। গোসলের সুযোগ না থাকলে পানি অথবা ভেজা কাপড় দিয়ে মুখ, হাত ও শরীরের অন্যান্য উন্মুক্ত অংশ মুছে নিতে হবে।
অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ
নির্দেশিকায় নাগরিকদের অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে অবস্থানের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ সময় শুধু বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ২৪ ঘণ্টা পার হলেই বাইরে বের হওয়া নিরাপদ, এমন ধারণা করা যাবে না। কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এবং নিরাপদে বের হওয়ার নির্দেশনা না পাওয়া পর্যন্ত আশ্রয়স্থলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আশ্রয়স্থলে আগুন লাগলে কিংবা ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত অন্য নিরাপদ স্থানে যেতে হবে।
এ ছাড়া পারমাণবিক হামলার পর যোগাযোগব্যবস্থা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি অচল হয়ে পড়তে পারে। তাই জরুরি তথ্য ও সরকারি নির্দেশনা জানতে ব্যাটারিচালিত রেডিও রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানে মার্কিন পারমাণবিক হামলার আশঙ্কা কেন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের এই নির্দেশিকা প্রকাশের বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচনায় এসেছে।
বিশেষ করে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছাকাছি ভূগর্ভস্থ একটি স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নিয়ে সম্ভাব্য মার্কিন হামলার জল্পনা রয়েছে।
সম্প্রতি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন দাবি করেছেন, কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কার্লসনের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের হামলার জন্য ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে ইরানের মধ্যাঞ্চলের পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করেন।
কার্লসনের দাবি, স্থাপনাটির ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো প্রায় ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট পাথরের নিচে অবস্থিত। ফলে প্রচলিত মার্কিন অস্ত্র দিয়ে সেখানে আঘাত করা কঠিন হতে পারে। এ কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তবে কার্লসনের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
এদিকে গত শনিবার (৩১ অক্টোবর) ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের অবশিষ্ট এক বা দুটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র মাত্র ১০ মিনিটের মধ্যে হামলা চালাতে সক্ষম।
এ সময় তিনি পিকঅ্যাক্স মাউন্টেনের কথাও উল্লেখ করেন। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার কোনো ঘোষণা দেননি তিনি।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইরানের নাগরিকদের জন্য প্রকাশিত এই নির্দেশিকা সম্ভাব্য পারমাণবিক হামলার ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সূত্র: আল-আরাবিয়া, এনডিটিভি।





















