পরিকল্পনাহীনতায় ৪৭ শতাংশ সোলার সিস্টেম অকেজো : সিপিডি
- আপডেট সময় : ০৮:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মাঠপর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া জাতীয় গ্রিড সম্প্রসারণ করায় দেশে স্থাপিত প্রায় ৬০ লাখ ক্ষুদ্র সোলার হোম সিস্টেমের অর্ধেকই এখন অকেজো। নীতিগত সমন্বয়হীনতার কারণে এই খাতের বিপুল বিনিয়োগ অকার্যকর হওয়ার পাশাপাশি নষ্ট ব্যাটারি ও প্যানেল গ্রামীণ এলাকায় নতুন পরিবেশগত ঝুঁকি তৈরি করছে বলে উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা- সিপিডির গবেষণায়। ঢাকায় আয়োজিত এক সংলাপে বক্তারা সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে কর-শুল্ক কমানোর দাবি জানান। শুল্ক বৈষম্য দূর ও কর কমালে পাকিস্তানে মতো বাংলাদেশেও সৌর বিপ্লব সম্ভব বলে জানান বক্তারা।
নবায়নযোগ্য বা সবুজ জ্বালানি যুগে রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। অফ-গ্রীড সোলার হোম সিস্টেমের যুগ পেরিয়ে দেশ এখন প্রবেশ করেছে অন-গ্রিড এবং রূপটপ সোলারের নতুন সম্ভাবনায়।
সেই সম্ভাবনাকে সামনে রেখেই গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজন করে এই আলোচনা সভার। দেশে সৌরবিদ্যুতের নতুন জোয়ার এলেও ব্যাংক ঋণের অপ্রতুলতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই খাতের কাঙ্ক্ষিত বিকাশ হচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা।
গ্রিড বিদ্যুতের মূল্য ও অব্যাহত লোডশেডিংকে চ্যালেঞ্জ হিসেবে ধরে বিশেষজ্ঞরা বলছেন, ডলার ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের বিকাশ বাংলাদেশের জন্য এটি বড় শিক্ষা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সব ধরনের নীতিগত সহায়তা দিবে সরকার। সেই সাথে প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে সোলার প্যানেল ও নবায়ণযোগ্য জ্বালানি খাতে হতে পারে বড় চুক্তি বলেও জানান তিনি।
আমলাতান্ত্রিক জটিলতা ও ঋণের বাধা দূর করে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই জ্বালানি নীতি প্রণয়নই এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

























