নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাচ্ছে না আইজেনকোটের জোট
- আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর তার দল লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। জোটের সূত্রগুলো ঘটনাটিকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে (কেএএন) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) জোটের সূত্রগুলো এ অবস্থান জানায়।
তাদের অভিযোগ, নির্বাচনে হস্তক্ষেপের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত। তাই নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী নয় তারা।
গোয়েন্দাপ্রধানদের অপসারণের দাবি
এ ঘটনায় দুই গোয়েন্দাপ্রধানকে অপসারণের দাবি জানিয়েছে আইজেনকোটের জোট। তারা হলেন শিন বেতের প্রধান ডেভিড জিনি এবং মোসাদের প্রধান রোমান গোফম্যান।
এদিকে, গত ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের কর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালানো হয়।
চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, অভিযানের জন্য তথ্য সরবরাহ করেছিল নেতানিয়াহুর কার্যালয়।
তদন্তে জানা যায়, তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা নিয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করেছিলেন। তিনি আগে উৎসটি যাচাই করার পরামর্শ দেন। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই পুলিশ অভিযান চালায়।
পরে জানা যায়, তথ্যের উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন সহযোগী।
আরব আইনপ্রণেতাদের ফোনে আড়ি পাতার চেষ্টা
এ ছাড়া, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করেন শিন বেতের প্রধান ডেভিড জিনি। এ কারণে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন তিনি।
তবে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।
অন্যদিকে, নেসেটে শপথ গ্রহণ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যও পরিস্থিতি জটিল করেছে। কানের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ইরান ইস্যুতেও দুই পক্ষের দূরত্ব
এদিকে, ইরান ইস্যুতে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান নিয়ে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গোফম্যান যুক্তরাষ্ট্র সফর করেন।
তবে ওই সফরের বিষয়ে আইজেনকোটকে আগে থেকে কিছু জানানো হয়নি। অথচ সফরের কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হয়েছিল। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে।
পরবর্তী সরকার গঠনের চেষ্টা আইজেনকোটের
গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা করছে। এই জোটে রয়েছেন বিরোধী রাজনীতিক নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলো।
ফলে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা বন্ধ হওয়ায় ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।




















