নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন সরকারপ্রধান। গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনের পর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এমপি-মন্ত্রী হওয়ায় কার্যত থেমে গেছে দলীয় কার্যক্রম। তাই দলকে রাজপথে সক্রিয় করার লক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে তিন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবার আগে বাংলাদেশ—স্লোগানকে ধারণ করে, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা।
এসময় নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চান প্রধানমন্ত্রী।
ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এবং গুম-খুনের শিকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু গুম খুনের রাজনীতি ও পরিস্থিতি আর তৈরি হবে না।
দেশে সুশাসন, শিক্ষার সুন্দর পরিবেশ এবং বাসযোগ্য নিরাপদ দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী।






















