নতুন বছরের রঙে রঙিন হতে প্রস্তুত খুলনা
- আপডেট সময় : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নতুন বছরের রঙে রঙিন হতে প্রস্তুত খুলনা। প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনে পয়লা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েট। গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি আর উৎসবের আনন্দে সাজানো হয়েছে এবারের আয়োজন।
অগ্নিস্নাত প্রভাতকে বরণে প্রস্তুত বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর সেই উৎসবকে ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে কুয়েট ক্যাম্পাস। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে,এবারই প্রথম বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। শুধু শোভাযাত্রাই নয় দিনব্যাপী মেলার আয়োজনও থাকছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। খেলার মাঠজুড়ে বসছে এক টুকরো গ্রামবাংলা।
থাকছে বাউল গান, ম্যাজিক শো, ট্রেজার হান্টের উত্তেজনা, মোরগ লড়াইয়ের ঐতিহ্য, সার্কাসের রোমাঞ্চ আর নাগরদোলার ঘূর্ণনে ফিরে পাওয়া শৈশবের আনন্দ। এই আয়োজন শুধু উৎসবেই সীমাবদ্ধ নয় শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি দূর করে সিনিয়র, জুনিয়র ও ব্যাচমেটদের মধ্যে তৈরি করছে নতুন বন্ধন।
নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা অত্যন্ত জরুরি। তাই, পহেলা বৈশাখ উদযাপন শিক্ষার্থীদের শেকড়ের সাথে যুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভরতা থেকে বের করে দেশীয় সংস্কৃতির সাথে যুক্ত করতেই এবার বড় পরিসরে আয়োজন করা হয়েছে।
ঐতিহ্য আর আনন্দের এই মেলবন্ধনে, কুয়েট ক্যাম্পাসে পহেলা বৈশাখ হয়ে উঠছে শুধু একটি উৎসব নয় বরং শেকড়ে ফেরার এক প্রাণবন্ত উপলক্ষ।
























