দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়
বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
এদিকে সকাল থেকেই রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে যায়। প্রায় এক ঘণ্টা টানা বৃষ্টিতে বিপত্তিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যানজটের সৃষ্টি করে।
























