দেশের অর্থনীতি বর্তমানে একটি খারাপ সময় পার করছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতি বর্তমানে একটি খারাপ সময় পার করছে এবং এই পরিস্থিতি থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল গ্যাস খাতে অতিরিক্ত চল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। পরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার চিত্র তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, বিগত সরকার জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকার দেনা রেখে গেছে। আক্ষেপ করে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া বিশাল দেনার চাপ সামলাতে হচ্ছে বর্তমান সরকারকে।তবে সংকট সত্ত্বেও স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি বড় কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে এই খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে হাসপাতালের দায়িত্বরত শীর্ষ নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।


























