দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল
- আপডেট সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও জানমাল রক্ষায় ও অঞ্চলের প্রায় ১০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ ফ্রান্সে এ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্পেন সীমান্তের কাছে ফরাসি পাইরেনিসের পাদদেশে অবস্থিত এক ডজনেরও বেশি ছোট শহর ও গ্রামে দাবানলের প্রভাব পড়েছে। ইতোমধ্যে পেরপিনিয়ানের কাছে ত্রেভিলাক এলাকায় শুরু হওয়া এই দাবানলে ৪ হাজার ৬০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র বাতাসের কারণে সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং আগুন নেভানোর লড়াই নতুন করে শুরু হয়েছে বলে জানান ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী।এই সংকটে ফ্রান্সের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনে সাইপ্রাস ও সুইডেন থেকে চারটি বিশেষ অগ্নিনির্বাপক বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন। ফ্রান্সের পাশাপাশি এই দাবানলের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ স্পেনেও, সেখানে কাতালোনিয়ার একটি প্রাকৃতিক উদ্যানের ২ হাজার ২০০ হেক্টরের বেশি বনভূমি ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে।
























