তিস্তায় দীর্ঘ সময় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি
- আপডেট সময় : ০৯:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা ভারীর বৃষ্টিপাতের কারণে তিস্তায় দীর্ঘ সময় পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও তিস্তা তীরবর্তী চরাঞ্চল প্লাবিত থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯ টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল । বৃষ্টি কমায় পানি কমতে শুরু করলেও জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, সিন্ধুর্না, পাটিকাপাড়া ও দাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভান্ডার ও কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা এবং লালমনিরহাট সদর উপজেলার কালমাটিয়া এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় সড়ক ও বসতভিটায় পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এদিকে দফায় দফায় তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি আরো বাড়তে পারে। এ কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


























