তিন মাসের মধ্যে নির্বাচন, হকিতে গঠন ১২ কমিটি
- আপডেট সময় : ০৪:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সপ্তাহ তিনেক আগে একযোগে ২৭টি ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত এসব কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ হকি ফেডারেশনও তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার তেজগাঁওয়ের বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হকি ফেডারেশনের নতুন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সভায় হকি কিংবদন্তি প্রয়াত আব্দুস সাদেকের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন সভায় উপস্থিত সদস্যরা।
সভায় পূর্ববর্তী সভাগুলোর কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি ফেডারেশনের আগামী দিনের বাজেট অনুমোদন করা হয়। একই সঙ্গে হকির তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ১২টি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঘরোয়া লিগগুলো নিয়মিত আয়োজনের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফুটবল ফেডারেশন ছাড়া দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনের নির্বাচন পরিচালনা করে জাতীয় ক্রীড়া পরিষদ। সংশ্লিষ্ট ফেডারেশন তাদের গঠনতন্ত্র অনুযায়ী অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রতিনিধি মনোনয়ন নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব রয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে জেলা ক্রীড়া সংস্থাগুলোও এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে জেলা ও বিভাগ পর্যায়ে নির্বাচিত কমিটি গঠনের আগেই ফেডারেশনের নির্বাচন হলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এভাবেই সম্পন্ন হয়েছে।
তিন মাসের মধ্যে হকি ফেডারেশনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও তার আগে ঘরোয়া লিগগুলো মাঠে গড়ায় কি না, এখন সেটিই দেখার বিষয়।


























