ঢাবি অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- আপডেট সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৮৭২ বার পড়া হয়েছে
বেসরকারি টেলিভিশনের টক শোতে ‘আসসালামু ওয়ালাইকুম’ ও ‘আল্লাহ হাফেজ’ এর শুদ্ধ উচ্চারণ জঙ্গিবাদের সংস্কৃতি হিসেবে মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে দুটি মামলা দায়ের করেন মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম এবং আইনজীবী ইমরুল হাসান। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ শেখ ওমর শরীফ জিয়াউর রহমানের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তাকে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, টকশোতে ধর্মীয় বিভিন্ন প্রত্যয়ের অপব্যাখ্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান এবং তার ওই বক্তব্য ধর্মীয় বিদ্বেষমূলক, যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ও ২৯ ধারায় অপরাধ হিসেবে গণ্য করা হয়। নোটিশটি গেলো ২২ অক্টোবর, মুহম্মদ মাহবুব আলমের পক্ষে পাঠানো হয়।

























