ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল
- আপডেট সময় : ০১:২০:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ব্রাজিল ফুটবল দলের ঢাকায় আসার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৫ অথবা ৬ অক্টোবরের কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
বাফুফের একটি দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ঢাকায় এসে ফিফা উইন্ডোর মধ্যেই বাংলাদেশের মুখোমুখি হতে চায় তারা।
ফিফার আন্তর্জাতিক উইন্ডো ৬ অক্টোবর শেষ হওয়ার কারণেই ৫ ও ৬ অক্টোবরকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ম্যাচের তারিখ ও আয়োজন নিয়ে এখনো দুই দেশের ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভারত সফরের প্রস্তুতি দেখতে রোববার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। তারা রাজধানীর জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন এবং মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি, সংবাদমাধ্যমের স্থানসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পরে তারা বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন।
রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রতিনিধিরা। বৈঠকে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি আলোচনায় আসে। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসও উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ৩ অক্টোবর। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ রয়েছে। ব্রাজিলের বিপক্ষে কলকাতার ম্যাচকে গুরুত্ব দিয়ে ভারত ওই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।
ব্রাজিলের সিনিয়র জাতীয় দল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। ২০১১ সালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছিল ৩-১ গোলে।
বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচটি চূড়ান্ত হলে দীর্ঘ ১৫ বছর পর ঢাকার মাঠে বিশ্ব ফুটবলের বড় কোনো দলের উপস্থিতি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা।





















