ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে, মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২০
- আপডেট সময় : ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
৪০ শিক্ষার্থী ছিলেন বাসে
পুলিশ ও স্থানীয়রা জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোর সাড়ে ৪টার দিকে জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। এতে ২০ জন আহত হন। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
৯ জনকে ঢাকায় পাঠানো
আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
যা বলছে হাইওয়ে পুলিশ
দাউদকান্দি হাইওয়ে থানার এএসআই নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।




















