ডেভিড ইমন দুই মামলায় ১০ দিনের রিমাণ্ডে
- আপডেট সময় : ০১:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে দুই মামলায় মোট ১০ দিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ।
রোববার দুপুরে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালতে ফটিকছড়ি থানার একটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা মামলায় ইমনের ৫ দিন এবং অস্ত্র মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র মামলাটিতে অন্য চারজনের প্রত্যোককেও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ওই চারজন হলেন মিঠু, শামীম, সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফ। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. লোকমান হাকিমের আদালতে চট্টগ্রামের
হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। এর আগে গত ৩০ জুলাই ডেভিড ইমনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি কার থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।






















