টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী
- আপডেট সময় : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়ি, রান্নাঘর, বাথরুম, উঠান, গ্রামীণ সড়ক এমনকি কবরস্থানও পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে এলাকাবাসীর। রান্না করতে না পেরে অনেক পরিবার অনাহার-অর্ধাহারে দিন পার করছে। পাশাপাশি সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে রাত কাটছে নির্ঘুম।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন, লিখিত অভিযোগ ও নানা প্রতিশ্রুতির পরও বাস্তবে মিলেনি কোনো সুফল।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম বলেন, “টুঙ্গিপাড়া নিচু এলাকা হওয়ায় ভারী বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিষয়টি বিভিন্ন মাধ্যমে এবং সাংবাদিকদের কাছ থেকে জানার পর জরুরি ভিত্তিতে পানি অপসারণের জন্য প্যানেল চেয়ারম্যান ও পৌরসভার প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”






















