জামালপুর সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফ’র
- আপডেট সময় : ০৫:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জামালপুর সীমান্তে দিয়ে বিএসএফ-এর ১৮ জন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ৩৫ বিজিবি। মঙ্গলবার ভোর রাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীরা জানায়, বিভিন্ন সীমান্তে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ভোরাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তে কুমারেরচর এলাকা দিয়ে বিএসএফ সার্চলাইট নিভিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায়। কিন্তু, জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পুশইন অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দিলে, স্থানীয়রা লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এর আগে, রোববার রাতে বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে তাও ব্যর্থ হয়।
এদিকে, জামালপুর বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তে ১৫টি বিওপির সদস্যরা রাতদিন টহল দিয়ে যাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি নিজস্ব গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিজিবি ছাড়াও জনপ্রতিনিধি ও গণ্যমান্য কর্মীরা বিজিবির সঙ্গে রাতভর সতর্ক অবস্থানে রয়েছেন।
























