জলকেলিতে মেতেছে বান্দরবানের মারমা তরুণ-তরুণীরা
- আপডেট সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
সাংগ্রাই উৎসবকে ঘিরে জলকেলিতে মেতেছে বান্দরবানের মারমা তরুণ-তরুণীরা। বুধবার বিকালে স্থানীয় রাজার মাঠে জলকেলি বা পানি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। পাহাড়ের মারমাদের বর্ষবরণকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান।
বান্দরবানের বিভিন্ন পাড়া থেকে দলবেধে জলকেলি উৎসবে অংশ নিয়েছে মারমা তরুণ-তরুণীরা। সারিবদ্ধভাবে দাড়িয়ে একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে তারা। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছর পাহাড়ের মারমা সম্প্রদায় পালন করে সাংগ্রাই উৎসব। এটি মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব। উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে চলছে ঐতিহ্যবাহী খেলাধুলা, পিঠা তৈরি, বুদ্ধ মূর্তি স্নান, হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা আয়োজন। তবে সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। এদিকে পাহাড়ের সাংগ্রাই উৎসবের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। ১৩ এপ্রিল শোভাযাত্রার মাধ্যমে বান্দরবানে শুরু হয় সাংগ্রাই উৎসব, শেষ হবে ১৯ এপ্রিল।
















