জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারা থেকে আলাদা করতে হবে: তথ্য উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারার সাংবাদিকতা থেকে আলাদা করতে হবে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীতে সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধিদের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতার মানোন্নয়নে পেশাদারত্ব ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। তা না হলে জ্ঞান ও দক্ষতা থাকলেও সাংবাদিকদের ভালোভাবে কাজ করার সুযোগ সীমিত হয়ে যাবে।
তিনি আরও বলেন, জঞ্জালযুক্ত ও দায়িত্বহীন সাংবাদিকদের গণমাধ্যম থেকে সরিয়ে দিতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকদের বেতন, বোনাস ও চাকরির নিরাপত্তাসহ সব ধরনের দায়িত্ব গণমাধ্যম মালিকদের নিতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিক, মালিকপক্ষ ও সরকারের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। গণমাধ্যমকে জনস্বার্থ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রতি দায়বদ্ধ থাকতে হবে।



























