‘চিকেনস নেকে’ ৪ লেনের মহাসড়ক
- আপডেট সময় : ০৪:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে চার লেনের নতুন মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। ৩১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি বরাদ্দ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
বাগডোগরা থেকে গলগালিয়া
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। নতুন মহাসড়কটি জাতীয় মহাসড়ক-৩২৭ নামে নির্মিত হবে।
সড়কটি পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে বিহারের গলগালিয়া পর্যন্ত যাবে। পথে পানিটানকি ও খারিবাড়ি যুক্ত হবে। নতুন সড়কটি জাতীয় মহাসড়ক-২৭-এর সমান্তরালে নির্মাণ করা হবে।
কেন গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’
শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। নেপাল ও বাংলাদেশের মাঝখানে থাকা এই সরু ভূখণ্ডটি চীন ও ভুটানের সীমান্তের কাছাকাছিও।
প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ করিডোরটির সবচেয়ে সরু অংশের প্রস্থ ২০ থেকে ২২ কিলোমিটার। কৌশলগত গুরুত্বের কারণে অঞ্চলটি ‘চিকেনস নেক’ নামে পরিচিত।
নতুন সড়কটি জাতীয় মহাসড়ক-২৭ থেকে প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার দূরত্বে নির্মাণ করা হবে।
থাকবে সেতু ও আন্ডারপাস
৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে তিনটি বড় সেতু নির্মাণ করা হবে। থাকবে একটি সড়ক ওভারব্রিজও।
এ ছাড়া হাতি চলাচলের জন্য পাঁচটি ভূগর্ভস্থ পথ তৈরি করা হবে। মহাসড়কের দুই পাশেই থাকবে সার্ভিস সড়ক।
বিহারের কিশানগঞ্জ জেলার গলগালিয়া থেকে পশ্চিমবঙ্গের পানিটানকি পর্যন্ত যোগাযোগ আরও সহজ হবে। পানিটানকি নেপালে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলপথ।
বাড়ছে অবকাঠামো উন্নয়ন
ভারত সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি করিডোর ঘিরে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে রেল ও বিমান যোগাযোগেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে।
বারাণসী থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত উচ্চগতির রেল করিডোর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া মালদাহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চতুর্থ রেললাইন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
বাগডোগরা বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নেও কাজ করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আলিপুরদুয়ারের হাসিমারা থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।


























