চরম ব্যর্থতার পর পাকিস্তান দলে বড় পরিবর্তন, বাদ ৭ ক্রিকেটার
- আপডেট সময় : ১২:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে স্কোয়াড থেকে সাত ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবর্তন এসেছে কোচিং স্টাফেও।
বার্মিংহামে আগামী ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান।
বাদ পড়েছেন রিজওয়ান-ইমামসহ ৭ জন
পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যে রয়েছেন ওপেনার ইমাম-উল-হক ও আওয়াইস জাফর। এছাড়া উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, অলরাউন্ডার সালমান আলী আগা ও আমির জামাল, বাঁহাতি স্পিনার আলী উসমান এবং পেসার খুররম শাহজাদকেও ছেড়ে দেওয়া হয়েছে।
তাদের জায়গায় স্কোয়াডে নেওয়া হয়েছে টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজালকে। দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ। এছাড়া পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র এবং তরুণ উইকেটকিপার-ব্যাটার সাদ বেগকেও নেওয়া হয়েছে।
সাদ বেগ সম্প্রতি কায়েদ-ই-আজম ট্রফিতে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
কোচিং স্টাফেও পরিবর্তন
শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে পিসিবি। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও অ্যাশলে নফকে।
চলতি সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পরই এই পরিবর্তন আনা হয়েছে। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ১০৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারে পাকিস্তান।
তৃতীয় টেস্টের পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফাজাল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মুহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ ও উবায়েদ শাহ।




















